কলকাতার বিলাসবহুল হোটেলে ব্রাজিল ফুটবল দলের সামনেই শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত!
বার্তা ডেস্কঃ
কলকাতা: বিলাসবহুল হোটেলের লবিতে মহিলাকে হেনস্থা এবং শ্লীলতাহানির অভিযোগে উত্তাল শহর। ব্রাজিলের ফুটবল দলের জয় বা সাফল্য নিয়ে উল্লাস করার সময় এক মহিলাকে আপত্তিকরভাবে স্পর্শ করার অভিযোগে ৫৬ বছরের এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। গত ৪ অক্টোবর প্রগতি ময়দান থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ৭৪ ধারায় এই মর্মে একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাগাল্যান্ডের ডিমাপুরের এক বাসিন্দা ওই মহিলা এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে খবর, গত ৪ অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ওই মহিলা এবং তাঁর নাগাল্যান্ডের এক সঙ্গী হোটেলের লবিতে ব্রাজিলের ফুটবল দলের সদস্যদের নিয়ে উদ্যাপন ও আনন্দ করছিলেন। সেই মুহূর্তেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের অত্যন্ত আপত্তিকরভাবে স্পর্শ করেন বলে অভিযোগ ওঠে। ওই মহিলার স্পষ্ট দাবি, এর ফলে তাঁদের চরম শ্লীলতাহানি হয়েছে।
ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেড়ে তৎপর হয় প্রগতি ময়দান থানার পুলিশ। হোটেলের লবির সিসিটিভি (CCTV) ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়। অভিযোগকারিণী স্বয়ং সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেন। এরপর সিসিটিভির সূত্র ধরেই তাঁর গতিবিধি ট্র্যাক করে হোটেলেরই একটি ঘর থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। বর্তমানে ধৃতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।