৬ মাস রেশন তোলেননি? বড় বিপদে পড়ার আগে জানুন সরকারের নতুন নিয়ম!

বার্তা ডেস্কঃ

আপনার কি রেশন কার্ড রয়েছে? কিন্তু কোনো কারণে গত টানা ছয় মাস ধরে দোকান থেকে কোনো চাল বা গম তোলেননি? যদি এমনটা হয়ে থাকে, তবে এখনই সতর্ক হওয়ার সময় এসেছে। কারণ খুব শীঘ্রই আপনার রেশন কার্ডটি সাময়িকভাবে নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেশজুড়ে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ‘নিষ্ক্রিয়’ রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ করার একটি বড় প্রক্রিয়া শুরু হয়েছে।

কাদের কার্ড নিষ্ক্রিয় হতে পারে? খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত রেশন কার্ড দিয়ে গত ছয় মাস ধরে কোনো রেশন সামগ্রী সংগ্রহ করা হয়নি, সেগুলিকে ‘ইনঅ্যাক্টিভ’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তবে সুখবর হলো, এই কার্ডগুলি এখনই স্থায়ীভাবে বাতিল হচ্ছে না। নিষ্ক্রিয় ঘোষণার পর সংশ্লিষ্ট উপভোক্তাদের কার্ড সচল রাখার জন্য তিন মাস সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র যাচাই এবং ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করলেই কার্ডটি পুনরায় অ্যাক্টিভেট করা যাবে।

কেন এই কড়া পদক্ষেপ? গণবণ্টন ব্যবস্থা বা PDS-এর ডেটাবেসকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতেই এই উদ্যোগ। অনেক সময় তালিকায় মৃত ব্যক্তির নাম থেকে যাওয়া, স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া বা ডুপ্লিকেট নাম রয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। এই গরমিল দূর করতেই কার্ডগুলি যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর আগে আধার সংযুক্তিকরণ ও ডিজিটাইজেশনের মাধ্যমে প্রায় ৫ কোটি ৮০ লক্ষ ভুয়া কার্ড বাদ দেওয়া হয়েছিল।

বিশেষজ্ঞদের মত যদিও কার্ড সরাসরি নিষ্ক্রিয় না করে স্থানীয় স্তরে তদন্ত করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর রাজেন্দ্রন নারায়ণন জানাচ্ছেন, উপভোক্তারা কেন রেশন তুলছেন না—তা খতিয়ে দেখার পরই পরবর্তী পদক্ষেপ করা বেশি যুক্তিযুক্ত হতো।

আপনার ই-কেওয়াইসি (e-KYC) হয়েছে তো? আপনার রেশন কার্ডটি সচল রাখতে এবং যেকোনো ধরনের জটিলতা এড়াতে দ্রুত নিজের ই-কেওয়াইসি সম্পন্ন করে নিন এবং কার্ডের বর্তমান স্ট্যাটাস অনলাইনে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *