বিদেশি যুবকের স্যালুটে সিক্ত পাইলট স্মিত, গর্বে ভাসছে গোটা বিশ্ব!
বার্তা ডেস্কঃ
দুবাই থেকে ইজ়রায়েলগামী ফ্লাইটে মর্মান্তিক দুর্ঘটনা রুখে ১৮০ জনের জীবন বাঁচিয়েছিলেন ভারতীয় পাইলট স্মিত মছর। তাঁর সেই সাহসিকতার গল্প এখন শুধু আকাশপথেই সীমাবদ্ধ নেই, সীমানা পেরিয়ে পৌঁছে গেছে আর্মেনিয়াতেও! আর তার জেরে বিশ্বজুড়ে ভারতীয় পাইলটদের প্রতি সম্মান এখন অনন্য উচ্চতায়। সম্প্রতি এক ভিনদেশি পাইলটের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন ফেলেছে।
ঘটনাটি আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের। সেখানে একটি ফ্লাইটে জ্বালানি ভরার সময় ককপিট থেকে নিচে নেমেছিলেন অন্য এক বিদেশি এয়ারলাইন্সের ভারতীয় ক্যাপ্টেন। পরণে পাইলটের পোশাক। রি–ফুয়েলিংয়ের কাজে ব্যস্ত আর্মেনিয়ার এক স্থানীয় যুবক তাঁর কাছে এগিয়ে এসে জানতে চান, ‘আপনি কোন দেশের নাগরিক?’ ক্যাপ্টেন বলতেই যে চমকপ্রদ অভিজ্ঞতা হয়, তা তিনি ভাষায় প্রকাশ করতে পারেননি।
ওই যুবক প্রথমে ক্যাপ্টেনকে স্যালুট করেন, এরপর কাছে এসে জড়িয়ে ধরে বলেন, ‘আপনি ভারতীয়! দারুণ লাগছে শুনে।’ এই ঘটনার পর আবেগতাড়িত হয়ে ওই ক্যাপ্টেন স্মিত মছরকে উদ্দেশ করে একটি বিশেষ পোস্ট করেন।
সেখানে তিনি লেখেন, — ‘সেই মুহূর্তে আমার কীরকম লেগেছিল, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অন্য একটা দেশে, পাইলটের পোশাকে দাঁড়িয়ে, আমি শুধু একজন ভারতীয় বলে এক বিদেশি যে সম্মান আমাকে দেখালেন, তাতে আমার গায়ে কাঁটা দিয়ে দিয়েছে। আর এটা শুধু তোমার জন্যই হয়েছে।’
গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে ইজ়রায়েল যাওয়ার পথে ককপিটের ভেতরে কো-পাইলটের ভয়ঙ্কর হামলা প্রতিহত করে ১৮০ জন যাত্রীর প্রাণ বাঁচান স্মিত মছর। সেই সাহসী বীরগাথার কথাই উল্লেখ করে ওই ক্যাপ্টেন আরও লেখেন, ‘পাইলট হিসেবে বলতে পারি, যে চোখে এখন ভারতীয় পাইলটদের দেখা হচ্ছে, তা শুধু তোমারই অবদান। একটি ঘটনায় সবকিছু যেন তুমি বদলে দিয়েছো। তার জন্য আমি এবং সমস্ত ভারতীয় পাইলট তোমার প্রতি কৃতজ্ঞ।’
তিনি আরও জানান, ওই যুবকের দেওয়া স্যালুট এবং উষ্ণ আলিঙ্গন তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছে। ককপিটে ফিরে যাওয়ার পর নিজের ভারতীয় পরিচয় নিয়ে তিনি কতটা গর্ববোধ করেছেন, তা ভাষায় প্রকাশ করা যায় না। বর্তমানে আবু ধাবির হাসপাতালে চিকিৎসাধীন বীর পাইলট স্মিত মছরের কাছে এই ভালোবাসার বার্তা পৌঁছে গেছে কি না, তা জানা না গেলেও, এই ঘটনা আবারও প্রমাণ করল যে সাহসিকতার কোনও সীমানা হয় না।