অন্নপূর্ণা যোজনায় বড় ধাক্কা, অক্টোবরেই বন্ধ হচ্ছে ভাতা? জানুন কারা বাদ পড়ছেন!
বার্তা ডেস্কঃ
গত মাসে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhander) প্রকল্পের ৩,০০০ টাকা অ্যাকাউন্টে এসেছে বলেই অক্টোবর মাসেও নিশ্চিতভাবে পাবেন—এমনটা ভাবা ভুল হতে পারে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, উপভোক্তাদের আবেদনপত্র যাচাইয়ের কাজ এখনও জোরকদমে চলছে। এই তদন্তে কেউ অযোগ্য প্রমাণিত হলে যে কোনও মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে প্রকল্পের কিস্তির টাকা।
এই বিষয়ে রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায় স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, গত ১৭ আগস্ট বহু আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হলেও এনকোয়ারি বা প্রশাসনিক খাঁটাই পর্ব কিন্তু থামেনি। অনলাইন আবেদনে ভুল তথ্য দেওয়া বা তথ্য গোপন করার একাধিক অভিযোগ উঠে এসেছে। ফলে প্রতিটি আবেদন প্রশাসনিক স্তরে বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
যাচাইয়ের পর কোনও আবেদনকারী অযোগ্য প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হবে। অর্থাৎ, একবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়া মানেই সুবিধাটি চিরস্থায়ী হয়ে গেল না।
কাদের নাম বাদ পড়তে পারে? সরকারি নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা যোজনার সুবিধা বজায় রাখতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করা বাধ্যতামূলক:
- বয়সের সময়সীমা: আবেদনকারী মহিলার বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে।
- সঠিক তথ্য: আবেদনপত্রে দেওয়া নথিপত্রের সঙ্গে আসল তথ্যের পূর্ণ মিল থাকতে হবে। তথ্য গোপন বা ভুল প্রমাণিত হলে আবেদন বাতিল হবে।
- সরকারি চাকরি ও পেনশন: স্থায়ী সরকারি কর্মচারী, নিয়মিত সরকারি বেতনভোগী কিংবা পেনশনপ্রাপকরা এই সুবিধা পাবেন না।
- আয়করদাতা: আবেদনকারী বা তাঁর পরিবার আয়করদাতা (Income Tax Payer) হলে তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধার বাইরে থাকবেন।
প্রশাসনের সাফ কথা—চূড়ান্ত তালিকায় নাম টিকিয়ে রাখতে যোগ্যতার সমস্ত শর্ত পূরণ করা আবশ্যক। অসৎ উপায়ে বা ভুল তথ্য দিয়ে আবেদন করা হয়ে থাকলে পরবর্তী কিস্তির টাকা আর মিলবে না।