ফর্ম ৬ বদলের নির্দেশ আদালতের নয়, সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা!

বার্তা ডেস্কঃ

ভোটার তালিকায় নাম নিবন্ধনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ফর্ম ৬’ (Form 6) পরিবর্তন করা নিয়ে বিতর্ক এক নতুন মোড় নিল। নির্বাচন কমিশন দাবি করেছিল সুপ্রিম কোর্টের নির্দেশ বহাল রেখেই এই ফর্মে পরিবর্তন করা হয়েছিল, তবে সোমবার সেই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফর্ম ৬-এ কোনো বদল আনার সিদ্ধান্ত আদালতের নয়। ফর্মে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে, তবে তা কে বা কারা করেছে, সে বিষয়টি খতিয়ে দেখা হবে। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত জবাবও তলব করা হয়েছে।

কী থেকে শুরু এই বিতর্ক? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রথম সামনে আসে যে, নতুন ভোটারদের ফর্ম ৬-এ একটি অতিরিক্ত ‘ডিক্লারেশন’ যুক্ত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এই পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের দুই কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী আপত্তি তুলেছিলেন। এরপর ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে দাবি করে, সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতেই এই পদক্ষেপ। কিন্তু সোমবার শীর্ষ আদালত সরাসরি তা অস্বীকার করায় কমিশনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বিতর্ক বাড়ায় অবশ্য গত ৩০ সেপ্টেম্বর কমিশন ওই অতিরিক্ত শর্তটি সাময়িকভাবে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছিল।

রাহুল গান্ধীর তীব্র তোপ সুপ্রিম কোর্টের এই মন্তব্যের পর নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্যেই মুখ্য নির্বাচন কমিশনার একতরফা ও বেআইনিভাবে এই ফর্ম পরিবর্তন করেছিলেন। গণতন্ত্রের ওপর আঘাত হানার জন্য সংশ্লিষ্ট সকলকে জবাবদিহি করতে হবে বলেও জানান তিনি।

সহজ কথায় ‘ফর্ম ৬’ কী? ১৮ বছর পূর্ণ হওয়া নাগরিকরা ভোটার তালিকায় নতুন করে নাম নথিভুক্ত করার জন্য যে ফর্ম পূরণ করেন, সেটিকে ‘ফর্ম ৬’ বলা হয়। সম্প্রতি এই ফর্মেই নতুন ভোটারদের পিতা-মাতার এসআইআর (SIR) ম্যাপিং সংক্রান্ত অতিরিক্ত ডিক্লারেশন জুড় দেওয়া হয়েছিল, যা নিয়েই বর্তমানে বিতর্ক চরমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *