পুজোর আগেই মোদী মন্ত্রিসভায় বড় ধামাকা, বাদ দুই কেন্দ্রীয় মন্ত্রী!
বার্তা ডেস্কঃ
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের ১০টি রাজ্যসভা আসনের জন্য বহুল প্রতীক্ষিত প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। দিল্লির দলীয় সদর দফতর থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিজেপি নেতা তরুণ চুঘ। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো—এই প্রার্থী তালিকায় নাম নেই দুই প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রী পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী বি.এল. শর্মার।
পুজোর আগেই মন্ত্রিসভায় রদবদল? আগামী মাসেই শেষ হচ্ছে এই দুই মন্ত্রীর রাজ্যসভার মেয়াদ। ফলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁদের স্থায়িত্ব নিয়ে তৈরি হয়েছে জোরালো জল্পনা। বিজেপি সূত্রে খবর, দুর্গাপুজো, নবরাত্রি ও দশেরা শুরুর আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পারফরম্যান্সের ভিত্তিতে বেশ কিছু পুরনো মুখ ছেঁটে ফেলে নতুনদের সুযোগ দেওয়ার পাশাপাশি একাধিক মন্ত্রকের দায়িত্বও বদল হতে পারে।
উত্তরপ্রদেশ ভোট ও বিজেপির দূরদর্শী কৌশল আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। ২০২৯-এর লোকসভা ভোটের ক্ষমতার সমীকরণ নির্ভর করছে এই রাজ্যের ফলাফলের ওপর। কিন্তু সাম্প্রতিক সময়ে যোগী রাজ্যে সরকারবিরোধী মনোভাব ও জনঅসন্তোষ বাড়ছে বলে পদ্ম শিবিরের অন্দরেই চর্চা শুরু হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুই প্রবীণ মন্ত্রীকে রাজ্যসভায় ফের না পাঠিয়ে, নতুন মুখ এনে কাজের গতি ও ইতিবাচক বার্তা দিতে চাইছে বিজেপি নেতৃত্ব।
রাজ্যসভার আসন অঙ্ক উত্তরপ্রদেশের ১০টি রাজ্যসভা আসনের মধ্যে ৭টিতে বিজেপির এবং ২টিতে সমাজবাদী পার্টির (SP) জয় সুনিশ্চিত। আসল লড়াই দশম আসনটি নিয়ে। এই আসনে জয় ছিনিয়ে নিতে বিরোধী শিবিরে ভাঙন ধরানোর কৌশল ছকছে বিজেপি। সব সম্ভাবনা খতিয়ে দেখেই ৮টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে দল।
সমাজবাদী পার্টির চমক অন্যদিকে, সমাজবাদী পার্টি তাদের নিশ্চিত দুটি আসনের একটিতে প্রার্থী করেছে দলের শীর্ষ নেতা তথা অখিলেশ যাদবের কাকা রামগোপাল যাদবকে। আর দ্বিতীয় আসনটিতে চমক দিয়ে প্রার্থী করা হয়েছে রিলায়েন্সের অন্যতম শীর্ষ আধিকারিক পরিমল নাথওয়ানিকে।