নিজের এলাকাতেই হাতকড়া ও কোমরে দড়ি, গ্রেপ্তার দাপুটে তৃণমূল প্রধান!
বার্তা ডেস্কঃ
বিষ্ণুপুর: ২০২১ সালের ভোট-পরবর্তী এক চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত তথা পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের প্রভাবশালী তৃণমূল প্রধান ভোলা সর্দার অবশেষে গ্রেপ্তার। কেবল গ্রেপ্তারই নয়, সাধারণ মানুষের মনে আস্থা ফেরাতে এবং অপরাধের পুনর্নির্মাণের উদ্দেশ্যে ধৃত প্রধানকে তাঁর নিজের এলাকাতেই হাতকড়া পরিয়ে রাস্তায় ঘোরালো পুলিশ প্রশাসন।
সোমবার বিকেলে বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত নেপালগঞ্জ বাজার এলাকায় এই নজিরবিহীন দৃশ্য চোখে পড়ে। স্থানীয় সূত্রে খবর, হাতে হাতকড়া ও কোমরে দড়ি বাঁধা অবস্থায় পঞ্চায়েত প্রধানকে জনবহুল বাজারে ঘোরাতে দেখে ভিড় জমায় পথচলতি মানুষ। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ঘটা ওই গণধর্ষণ কাণ্ডের পর থেকেই দীর্ঘদিন লাপাত্তা ছিলেন ভোলা সর্দার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্প্রতি জেলার বাইরে একটি বিশেষ অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করা হয়। আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
তদন্তের গতি বাড়াতে এবং নতুন তথ্যপ্রমাণ সংগ্রহ করতে সোমবার বিকেলে তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় অপরাধের ঘটনাস্থল নেপালগঞ্জ বাজারে। সম্প্রতি ডায়মন্ড হারবারের ফলতায় জাহাঙ্গীর খানকেও একই কায়দায় এলাকায় ঘুরিয়েছিল পুলিশ। প্রশাসন এই পদক্ষেপের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিতে চাইছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
পুলিশের সাফ বার্তা, গণধর্ষণের মতো গুরুগম্ভীর অপরাধে কাউকে রেয়াত করা হবে না। অভিযুক্ত এতদিন কোথায় এবং কার সাহায্যে আত্মগোপন করেছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।