এসএসকেএম হাসপাতাল নিয়ে বিস্ফোরক মদন মিত্র, শ্রেষ্ঠ ডাক্তারদের সরানোর অভিযোগ!
বার্তা ডেস্কঃ
সম্প্রতি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত পাওয়ার ঘটনা এবং বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের একটি মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে আসা নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে। বিরোধী নেতার হাতে পাঁচ বছর আগের সেই গোপনীয় মেডিকেল রিপোর্ট কীভাবে পৌঁছাল এবং তা নিয়ে ওঠা নানা প্রশ্নের মাঝেই এবার সরকারি হাসপাতাল এসএসকেএম বা পিজি নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
সোমবার এক সাংবাদিক বৈঠকে মদন মিত্র দাবি করেন, অতীতে স্বাস্থ্য দফতরের ভুল নীতির কারণে এসএসকেএম হাসপাতালের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও চিকিৎসাব্যবস্থা বেহাল হয়ে পড়েছিল। তাঁর সরাসরি অভিযোগ, সেই সময় অন্তত চল্লিশ শতাংশ শ্রেষ্ঠ ও অভিজ্ঞ চিকিৎসককে পিজি হাসপাতাল থেকে জোরপূর্বক অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল এবং অপেক্ষাকৃত কম যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের উচ্চপদে বসানো হয়েছিল। চিকিৎসকদের এমন এক চরম পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল যে তাঁদের পদত্যাগ করা ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। পুরো ঘটনার সত্যতা প্রকাশ্যে আসুক, এমনটাই কড়া বার্তা দিয়েছেন তিনি।