‘এক দেশ এক ভোট’ নিয়ে বৈঠক বাতিল, নেপথ্যে বড় কোনো কারণ?

বার্তা ডেস্কঃ

‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত প্রস্তাবিত আইন পর্যালোচনায় যুক্ত সংসদীয় যৌথ কমিটির (JPC) সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নির্ধারিত বৈঠক বাতিল করেছে শীর্ষ আদালত। কমিটি চেয়ারম্যান পিপি চৌধুরী জানান, গত ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের ইমেলের ভিত্তিতে ৬ অক্টোবর এই অনানুষ্ঠানিক আলোচনার দিন ধার্য হলেও পরবর্তীতে শীর্ষ আদালতই তা বাতিল করে দেয়। এরপর জেপিসিও তাদের নির্ধারিত দিল্লি সফর প্রত্যাহার করে নেয়। এর আগে রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল এই বৈঠকের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে এটিকে ‘অসাংবিধানিক’ বলে আখ্যা দিয়েছিলেন। তাঁর মতে, ভবিষ্যতে যে আইন শীর্ষ আদালতে চ্যালেঞ্জ হতে পারে, তা নিয়ে বিচারপতিদের সঙ্গে সংসদীয় কমিটির আলোচনা ক্ষমতার পৃথকীকরণ নীতির পরিপন্থী।

তবে জেপিসি চেয়ারম্যান পিপি চৌধুরী স্পষ্ট করেছেন যে এই যোগাযোগ নিয়ে জলঘোলা বা রাজনৈতিক বিতর্ক তৈরি করার কোনো প্রয়োজন নেই। অতীতেও সুপ্রিম কোর্টের সঙ্গে সংসদীয় কমিটির আলোচনার নজির ছিল উল্লেখ করে তিনি জানান, প্রস্তাবিত বৈঠকটি সম্পূর্ণ অনানুষ্ঠানিক ছিল এবং উভয় পক্ষই মনে করেছে এটি সমীচীন নয়। বৈঠক বাতিল হওয়া সত্ত্বেও ‘সংবিধান (১২৯তম সংশোধনী) বিল, ২০২৪’ এবং ‘কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল, ২০২৪’-এর ওপর কমিটির পর্যালোচনা স্বাভাবিকভাবেই চলছে। বর্তমানে পার্লামেন্ট লাইব্রেরি ভবনে বিভিন্ন অংশীদারের মতামত শুনছে কমিটি এবং সকল সদস্যের সম্মতি ও তথ্য সংগ্রাহের পরই চূড়ান্ত রিপোর্ট পেশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *