নির্বাচন কমিশনের অভিযানে উত্তাল দিল্লি, পথে সনিয়া-রাহুল-অভিষেক!
বার্তা ডেস্কঃ
জ্ঞানেশ কুমার ইস্যুতে বড়সড় আন্দোলনে নেমেছে ‘ইন্ডিয়া’ জোট। আজ, মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সংসদের মকরদ্বার থেকে জাতীয় নির্বাচন কমিশন পর্যন্ত যৌথ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন বিরোধী দলের সাংসদরা। প্রথম সারিতে সনিয়া গান্ধী, রাহুল গান্ধীর পাশাপাশি পা মেলাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ একাধিক বিরোধী নেতানেত্রীরা। অন্যদিকে, এই আন্দোলনে আপ ও ডিএমকে অনুপস্থিত থাকলেও অখিলেশ যাদবের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের আঁচ জিইয়ে রাখতে ‘ভোট বাঁচাও দেশ বাঁচাও’ শীর্ষক একাধিক কর্মসূচি ঘোষণা করেছে কংগ্রেস।
বিরোধীদের এই অভিযানকে কেন্দ্র করে জাতীয় রাজধানীতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রের খবর, সংসদ চত্বর থেকে বেরোলেই এই মিছিল আটকে দেওয়া হবে। এর জন্য সংসদ সংলগ্ন এলাকায় প্রচুর পুলিশ, ব্যারিকেড ও র্যাফ মোতায়েন রাখা হয়েছে। এর আগে ককরোচ জনতা পার্টির বিক্ষোভেও বহু সমর্থককে আটক করা হয়েছিল। এবার পুলিশি ব্যারিকেড ভেঙে বিরোধী জোটের সাংসদরা কতদূর এগোতে পারেন এবং পরিস্থিতির মোড় কোন দিকে ঘোরে, সেদিকেই নজর দেশের রাজনৈতিক মহলের।