মাতৃত্ব হারানোর শঙ্কা, নন্দিনীর বিরুদ্ধে বিস্ফোরক সৃজলা!
বার্তা ডেস্কঃ
বিগ বসের ঘরে ঘটে যাওয়া এক ভয়ংকর দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছেন জনপ্রিয় অভিনেত্রী সৃজলা গুহ। সম্প্রতি একটি রিয়ালিটি টাস্কের সময় প্রতিযোগী নন্দিনীর উগ্র আচরণের ধাক্কায় গুরুতর চোট পেয়ে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। দীর্ঘ পাঁচ দিন চিকিৎসার পর ঘরে ফিরলেও মনের কোণে জমতে থাকা চাপা ক্ষোভ এবার প্রকাশ পেল বিগ বসের নির্দেশিত মনের কথা প্রকাশের খেলায়। সৃজলার দাবি, কাঠের ঘোড়া থেকে পড়ে যাওয়ার ফলে তাঁর যে আঘাত লেগেছে, তাতে তিনি মাতৃত্বের সুখ থেকেও চিরতরে বঞ্চিত হতে পারতেন।
খেলার নিয়মের সূত্র ধরে অন্য প্রতিযোগী তনুশ্রী যখন সৃজলাকে নন্দিনীকে মন থেকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান, তখন তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। সৃজলা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যে ঘটনার জেরে তাঁর মাতৃত্বের মতো বিষয় নিয়ে বড় শঙ্কা তৈরি হয়েছিল, তাঁকে এই মুহূর্তে ক্ষমা করা সম্ভব নয়। তবে প্রতিযোগিতার খাতিরে শুধুমাত্র কাজের জন্য কথা বলবেন তিনি। উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ আগে এই বিপজ্জনক টাস্ক চলাকালীন নন্দিনীর কারণে মারাত্মক চোট পান এই অভিনেত্রী।