বাবা হওয়ার আনন্দ মুহূর্তে বিষাদ, সন্তান জন্ম নিতেই হাতকড়া পরল যুবকের হাতে!

বার্তা ডেস্কঃ

ধুমধাম করে নাবালিকাকে বিয়ে করার পর বাবা হতেই শ্রীঘরে যেতে হলো এক যুবককে। পূর্ব বর্ধমানের শক্তিগড় থানা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাঁকুড়ার ইন্দাসের বাসিন্দা ওই নাবালিকা সম্প্রতি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্তান প্রসব করে। ঘটনার পরেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানানো হয়। পুলিশের পক্ষ থেকে জিরো এফআইআর রুজু করে শক্তিগড় থানায় পাঠানো হলে, তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা ও পকসো আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়।

বাল্যবিবাহ রোধে রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। সরকারের প্রকাশিত স্বাস্থ্য দফতরের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, রাজ্যে নাবালিকা বিবাহ ও সন্তান প্রসবের নিরিখে পূর্ব বর্ধমান জেলা তৃতীয় স্থানে রয়েছে। এই উদ্বেগজনক তথ্য সামনে আসার পরেই জেলাজুড়ে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। সমাজ থেকে এই ব্যাধি নির্মূল করতে আইনানুগ পদক্ষেপের পাশাপাশি সরকারি স্তরে ব্যাপকভাবে সচেতনতামূলক প্রচারও চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *