কলকাতার ৭টি ঐতিহ্যবাহী চায়ের দোকান এবার পেল ‘হেরিটেজ’ তকমা!

বার্তা ডেস্কঃ

কলকাতার ঐতিহ্যবাহী চায়ের সংস্কৃতি এবার পেতে চলেছে বিশেষ সরকারি স্বীকৃতি। ধর্মতলার ডেকার্স লেনের বিখ্যাত চিত্তবাবুর দোকান এবং ভবানীপুরের বলবন্ত সিং ধাবাসহ শহরের মোট সাতটি ঐতিহাসিক চা দোকানকে ‘হেরিটেজ’ তকমা দিতে চলেছে ভারতীয় টি বোর্ড।

শহরের এই প্রাচীন চা দোকানগুলিতে প্রতিদিন কেবল কলকাতাবাসীই নন, দেশ-বিদেশের বহু মানুষ চা ও খাবারের স্বাদ নিতে ভিড় জমান। এই জনপ্রিয় দোকানগুলির ঐতিহাসিক গুরুত্ব বজায় রেখে এগুলির ভোল পাল্টে আরও দৃষ্টিনন্দন করার পরিকল্পনা নিয়েছে টি বোর্ড।

টি বোর্ডের চেয়ারম্যান সি মুরুগান জানান, “আমরা চাই শহরের প্রাচীন ও হেরিটেজ চায়ের দোকানগুলির সৌন্দর্যায়ন করতে। সংশ্লিষ্ট দোকান মালিকরা সম্মতি জানালে বোর্ডের পক্ষ থেকেই এই সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হবে।”

বোর্ডের তরফে জানানো হয়েছে, কলকাতার আরও বেশ কিছু শতবর্ষ পুরনো ও ঐতিহ্যবাহী চা দোকানের খোঁজ চালানো হচ্ছে, যেগুলিকেও আগামীতে এই প্রকল্পের আওতায় আনা হতে পারে।

সম্প্রতি চা-নিলাম সংক্রান্ত একটি বিশেষ সেমিনারে টি বোর্ডের পক্ষ থেকে এই পরিকল্পনার কথা জানানো হয়। সৌন্দর্যায়নের পাশাপাশি, চা বিক্রি প্রক্রিয়াকে আরও আধুনিক ও সহজ করতে অনলাইন চা-নিলাম ব্যবস্থার সংস্কার এবং উন্নয়নেও বিশেষ জোর দিচ্ছে টি বোর্ড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *