কুনোয় খুশির জোয়ার, বতসোয়ানা বংশধারায় জন্ম নিল পাঁচ নতুন চিতা শাবক!
বার্তা ডেস্কঃ
ভোপাল: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) ‘প্রজেক্ট চিতা’-র ঝুলিতে যুক্ত হলো আরও একটি ঐতিহাসিক মাইলফলক। ভারতীয় মাটিতে জন্ম নেওয়া ৩২ মাস বয়সী চিতা ‘KJP21’ পাঁচটি সুস্থ শাবকের জন্ম দিয়েছে। এই নতুন অতিথিদের আগমনে ভারতে চিতার মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০-এ, যার মধ্যে ৪১টি চিতারই জন্ম হয়েছে ভারতের মাটিতে।
উল্লেখ্য, KJP21 এবং KGP12-এর পর ভারতে জন্ম নেওয়া তৃতীয় চিতা হিসেবে সন্তান জন্ম দিল KJP21। তবে এই সংবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শাবকগুলির জিনগত পরিচয়। নতুন জন্ম নেওয়া এই পাঁচ শাবকের বাবা বতসোয়ানা (Botswana) থেকে আনা এক পুরুষ চিতা। ফলে এদের জন্মের মাধ্যমে ভারতে প্রথমবার সূচিত হলো ‘বতসোয়ানা বংশধারা’ (Botswana lineage)। ভারতীয় চিতার বংশবৃদ্ধিতে এই নতুন জিনগত বৈচিত্র্য (Genetic Diversity) সংরক্ষণ প্রক্রিয়াকে আরও মজবুত করবে।
এই অভাবনীয় অর্জনে উল্লাস প্রকাশ করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব ‘প্রজেক্ট চিতা’-র সঙ্গে যুক্ত সমস্ত পশুচিকিৎসক, বন আধিকারিক, মাঠকর্মী এবং ব্যবস্থাপনা দলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, কুনোর মাটিতে এই ছোট্ট অতিথিদের আগমন প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে নতুন এক আশার আলো নিয়ে এসেছে। বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ও নিরলস নজরদারির মধ্য দিয়েই ভারতে চিতা পুনঃপ্রতিষ্ঠার এই স্বপ্ন সফলতার দিকে এগিয়ে চলেছে।