ছাব্বিশের ভোটের আগেই বড় চমক, অবসরের ঠিক আগে নবান্নের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত!
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও ছ’মাস বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ১৯৯২ ব্যাচের এই প্রবীণ আইপিএস অফিসারকে গত মার্চ মাসে বিধানসভা নির্বাচনের ঠিক মুখে ডিজি পদে বসিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী আগামী ৩১ অক্টোবর তাঁর অবসর নেওয়ার কথা ছিল। তবে নির্বাচন শেষ হওয়ার পরও দক্ষতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়া এই শীর্ষ আধিকারিককে রাজ্য পুলিশের প্রধান পদে বহাল রাখতেই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
উল্লেখ্য, এ নিয়ে টানা দু’বার সিদ্ধিনাথ গুপ্তার কার্যকালের মেয়াদ বৃদ্ধি পেল। গত ৩০ এপ্রিল তাঁর স্বাভাবিক অবসরের কথা থাকলেও ভোট চলাকালীন প্রথম দফায় ছ’মাসের জন্য মেয়াদের মেয়াদ বাড়ানো হয়েছিল। সূত্রের খবর, বর্তমান ডিজির মেয়াদ বৃদ্ধির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়মমাফিক প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রে। সেই প্রস্তাবে সায় দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ‘ক্যাবিনেট অ্যাপয়েন্টমেন্ট কমিটি’ এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দিয়েছে।