অস্তিত্ব সংকটে মাদ্রাসা সার্ভিস কমিশন, বড় ধাক্কা খেলেন হাজারো শিক্ষক!

বার্তা ডেস্কঃ

রাজ্যের শিক্ষাব্যবস্থায় বড়সড় প্রশাসনিক পরিবর্তন এনে আনুষ্ঠানিকভাবে অবসান ঘটল মাদ্রাসা সার্ভিস কমিশনের। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে, মাদ্রাসা সার্ভিস কমিশন সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে এবং এটিকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে একীভূত করা হয়েছে। এর ফলে এখন থেকে সাধারণ স্কুলগুলির মতো রাজ্যের সমস্ত মাদ্রাসাতেও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই পরিচালিত হবে। সরকারের এই বড় সিদ্ধান্তের ফলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। এর আগে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে থাকা ঐতিহাসিক আলিয়া বিশ্ববিদ্যালয়কে প্রশাসনিকভাবে উচ্চশিক্ষা দফতরের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে, রাজ্যে অবৈধ এবং সরকারি অনুমোদনহীন মাদ্রাসার বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে প্রশাসন। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় ২৫২টি মাদ্রাসা বন্ধ করার নির্দেশিকা দেওয়া হয়েছে এবং একশোটি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। এই বন্ধ হতে চলা মাদ্রাসার অধিকাংশই খারিজি মাদ্রাসা বলে জানা গিয়েছে। গত ২২ জুলাই সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা দফতর কর্তৃক পরিচালিত একটি বিশেষ সমীক্ষায় প্রকাশ পায় যে, কলকাতা সহ গোটা রাজ্যে প্রায় ২,৩৯৬টি মাদ্রাসার কোনো প্রয়োজনীয় সরকারি অনুমোদনই নেই। প্রশাসনের এই জোড়া পদক্ষেপে রাজ্যজুড়ে শিক্ষামহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *