বন্ধ অ্যাপ ক্যাবে নিথর দেহ, চাঞ্চল্য ছড়াল কলকাতায়!
বার্তা ডেস্কঃ
খাস কলকাতা শহরের বুকে সাতসকালে তীব্র চাঞ্চল্য। এন্টালি থানা এলাকার ট্যাংরা পিলখানায় দাঁড়িয়ে থাকা একটি বন্ধ অ্যাপ ক্যাব থেকে উদ্ধার হলো আনুমানিক ৪৫-৫০ বছর বয়সি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির নিথর দেহ। নিহতের দুটি পা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যাওয়ায় পুলিশের প্রাথমিক অনুমান—তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্যাংরা পিলখানা এলাকায় একটি অ্যাপ ক্যাব দীর্ঘক্ষণ বন্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর দেওয়া হয় এন্টালি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক স্থানীয় মেকানিকের সাহায্যে গাড়ির দরজা খোলে। গাড়ির পিছনের আসনের সামনের অংশে নিথর দেহটি পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক পর্যবেক্ষণে কোনো সাড়াশব্দ বা নাড়ির স্পন্দন পাওয়া যায়নি।
ঘটনার তদন্তে ইতিমধ্য়েই নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড স্কোয়াড, সায়েন্টিফিক উইং এবং গোয়েন্দা বিভাগ (ডিডি)। জিজ্ঞাসাবাদের জন্য গাড়ির চালককে আটক করেছে পুলিশ। মৃতের পরিচয় শনাক্ত করার পাশাপাশি ট্যাক্সির ভেতরে তিনি কীভাবে এলেন এবং তার পা কেন বাঁধা ছিল, তা খতিয়ে দেখতে পারিপার্শ্বিক প্রমাণ ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
বিদেশেও একই ধরনের নৃশংসোর ঘটনা উল্লেখ্য, দিন কয়েক আগেই গাড়ির ভেতর থেকে নৃশংসভাবে দেহ উদ্ধারের অন্য একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল বিদেশে। সংযুক্ত আরব আমিরশাহির শারজা থেকে ওমানগামী রাস্তার ধারে পার্ক করে রাখা একটি গাড়ি থেকে দুটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। সেই ব্যাগের ভেতর কর্ণাটকের উদুপির বাসিন্দা ৩৮ বছর বয়সি অলউইন প্রকাশ কুন্দরের দেহ ৯টি টুকরো অবস্থায় উদ্ধার করা হয়। শারজা বিমানবন্দরে কর্মরত ওই যুবকের মৃত্যুর পর থেকেই তার স্ত্রী ও কিশোর ছেলে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে।