প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন, হার্ট অ্যাটাকের নাটক ফাঁস করল গোপন চ্যাট!

বার্তা ডেস্কঃ

মিরাট: উত্তর প্রদেশের মিরাটে প্রকাশ্যে এল এক রোমহর্ষক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে নির্মমভাবে খুন করে বিষয়টিকে ‘স্বাভাবিক হার্ট অ্যাটাক’ বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করেছিলেন স্ত্রী। কিন্তু শেষরক্ষা হলো না—মৃত স্বামীর লুকিয়ে রাখা মোবাইল ফোনের একটি হোয়াটসঅ্যাপ চ্যাটই উন্মোচিত করে দিল পুরো চক্রান্ত।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মিরাটের লোহিয়া নগরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম তালিব (৩০)। চার বছর আগে পেশায় বিউটিশিয়ান ইলমা (২৭)-র সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের তিন বছরের একটি কন্যাসন্তানও রয়েছে।

যেভাবে ঘটেছিল হত্যাকাণ্ড গত ২৮ সেপ্টেম্বর রাতে ঘটনাটির সূত্রপাত। ইলমার দাবি, তালিব তাঁকে মারধর করায় তিনি তাঁর প্রেমিক আমনকে ফোন করেন। খবর পেয়ে আমন এক বন্ধুকে সঙ্গে নিয়ে ইলমার বাড়িতে হাজির হয়। তিনজন মিলে তালিবকে প্রথমে বেধড়ক মারধর করে এবং পরে আমন গলায় ফাঁস লাগিয়ে তালিবকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর ইলমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চম্পট দেয় প্রেমিক।

‘হার্ট অ্যাটাক’-এর নাটক ও দাফন খুনের পরপরই ইলমা নিজের বাপের বাড়িতে ফোন করে দাবি করেন, অফিস থেকে ফেরার পর আচমকা অসুস্থ হয়ে বিছানায় ঢলে পড়েন তালিব এবং কয়েক মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয়। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ভেবে পরিবার কোনো সন্দেহ না করেই তালিবের মরদেহ সমাহিত করে।

যেভাবে ফাঁস হলো চক্রান্ত মৃত্যুর কয়েকদিন পর থেকেই ইলমার চালচলনে পরিবারের লোকজনের সন্দেহ জাগে। গত ১ অক্টোবর তালিবের খুড়তুতো ভাই রইস ইলমার বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তালিবের পোশাকের ভেতর লুকিয়ে রাখা তাঁর মোবাইল ফোনটি উদ্ধার করেন রইস। ফোন ঘাঁটতেই বের হয়ে আসে আসল তথ্য। দেখা যায়, তালিব আমন নামের এক যুবককে মেসেজ পাঠিয়ে স্পষ্ট জানিয়েছিলেন, যেন সে ইলমার সঙ্গে আর কোনো যোগাযোগ না রাখে।

এই চ্যাটের কথা সামনে আসতেই পরিবারের চাপের মুখে ভেঙে পড়েন ইলমা এবং প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যার কথা স্বীকার করেন।

পুলিশের পদক্ষেপ ঘটনা সামনে আসার পর পুলিশ দ্রুত তদন্তে নেমেছে। সত্যতা নিশ্চিত ও মৃত্যুর সঠিক কারণ জানতে তালিবের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। আপাতত পুলিশ ইলমাকে নজরদারিতে রেখেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মূল অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *