রাজনীতি ছাড়ার দিনই বিপাকে হুমায়ূন কবীর, দায়ের হলো বিস্ফোরক মামলা!

বার্তা ডেস্কঃ

রাজনীতি থেকে ‘স্বেচ্ছাবসর’ এবং চোখে জল নিয়ে রাজনীতি ছাড়ার বার্তা দেওয়ার দিনেই চরম আইনি সংকটে পড়লেন নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। উপনির্বাচনের দিন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের উদ্দেশ্যে অশ্লীল ভাষা প্রয়োগ, “কুকুর” বলে সম্বোধন এবং পিতৃত্ব নিয়ে কটু মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় ইমেইল মারফত এফআইআর দায়ের করা হয়েছে। বাগুইহাটির বাসিন্দা রাজীব সরকার নামক এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং পুলিশকে অপরাধমূলক ভীতি প্রদর্শন করেছেন, যার অডিও-ভিজুয়াল প্রমাণ ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৫২, ১৯৬, ৩৫১(২), ৩৫৩(১), ৩৫৬ ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩(২) ও ১২৫ ধারায় হুমায়ুন কবীরের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। রেজিনগর উপনির্বাচনে নিয়মভঙ্গের দায়ে ইতিপূর্বে তাঁকে পুলিশ গ্রেপ্তার করলেও পরে ছেড়ে দেওয়া হয়। এরপরই নিজের ছেলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার ক্ষোভ উগরে দিয়ে রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দেন তিনি। কিন্তু রাজনীতি ছাড়ার সেই দিনেই এই গুরুতর আইনি পদক্ষেপ নওদার বিধায়কের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *