জেন জি-কে ভাগ করার চক্রান্ত চলছে! রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগলেন নিতিন নবীন
বার্তা ডেস্কঃ
বারাণসী: তরুণ প্রজন্ম, দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন এবং বিরোধী রাজনীতি নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির জাতীয় নেতা নিতিন নবীন। বৃহস্পতিবার বারাণসীর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুবসমাজকে ‘জেন জি’ (Gen Z) কিংবা ‘জেন আলফা’র মতো বিভিন্ন শ্রেণিতে ভাগ করার তীব্র সমালোচনা করেন তিনি। নিতিন নবীনের দাবি, এটি তরুণদের মধ্যে বিভাজন তৈরির একটি সুসংগঠিত ষড়যন্ত্র।
“যুবসমাজকে কোনো খাঁচায় ফেলা উচিত নয়”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিতিন নবীন প্রশ্ন তোলেন, “কেন তরুণদের জেন জি, জেন আলফা, বেটা বা গামা-র মতো লেবেল দিয়ে ভাগ করা হচ্ছে? তরুণরা শুধুই তরুণ, তাদের কোনো নির্দিষ্ট শ্রেণিতে ফেলা উচিত নয়।” তিনি আরও বলেন, পরিবার, সমাজ এবং রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে এই নতুন প্রজন্ম নিজেদের মতামত স্পষ্ট প্রকাশ করতে জানে। তাই সকলেরই তাঁদের কথা শোনা উচিত। বিরোধীদের কড়া বার্তা দিয়ে তিনি জানান, ভারতের যুবসমাজ বিভক্ত হবে না; তারা দেশের ঐতিহ্য রক্ষা করেই ভারতকে এগিয়ে নিয়ে যাবে।
পঞ্চবার্ষিক পরিকল্পনা বনাম ২০৪৭-এর ভিশন
দেশের অর্থনৈতিক নীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, স্বাধীনতার বহু বছর পরও ভারত উন্নত রাষ্ট্র হতে পারেনি কারণ অতীতের সরকারগুলো কেবল ‘পঞ্চবার্ষিক পরিকল্পনা’র গণ্ডিতে আটকে ছিল। যারা পাঁচ বছরের চিন্তা করে, তারা দীর্ঘমেয়াদি উন্নয়ন ঘটাতে পারে না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ধারণায় বদল এনে ‘নীতি আয়োগ’ গঠন করেছেন, যার মূল লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা। এ প্রসঙ্গে আমেরিকা ও চীনের উদাহরণ টেনে তিনি বলেন, “আমরা কখনো দাবি করিনি যে সব ঠিক করে ফেলেছি, তবে আমরা সঠিক পথেই এগোচ্ছি।” পাশাপাশি নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি মনে করিয়ে দেন, মোদীজিই প্রথম প্রধানমন্ত্রী যিনি সাধারণ মানুষের ভোটে প্রথমে সাংসদ নির্বাচিত হয়ে পরে প্রধানমন্ত্রী হয়েছেন।
রাহুল গান্ধীকে খোলা চ্যালেঞ্জ ও কাশী বিশ্বনাথ দর্শন
নির্বাচন কমিশনের বিরুদ্ধে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর আক্রমণের তীব্র নিন্দা জানান নিতিন নবীন। নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন তোলাকে রাহুলের ‘নৈরাজ্যবাদী মানসিকতা’ হিসেবে বর্ণনা করে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “রাহুল গান্ধীর যদি সত সত্যি সাহস থাকে, তবে নিজের পদ থেকে পদত্যাগ করে দেখান।”
এদিন উত্তর প্রদেশ বিজেপি সভাপতি পঙ্কজ চৌধুরীকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন নিতিন নবীন এবং কাশী বিশ্বনাথ করিডোরের পুনর্নির্মাণের ভূয়সী প্রশংসা করেন।