সুদসহ মোটা অঙ্কের ক্ষতিপূরণ পাবেন বরখাস্ত শিক্ষকরা, হাইকোর্টের রায়ে অস্বস্তিতে দুর্গাপুর স্টিল প্লান্ট!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুর স্টিল প্লান্ট (ডিএসপি) পরিচালিত স্কুলগুলির চুক্তিভিত্তিক বা প্যারা টিচারদের বেআইনিভাবে বরখাস্তের মামলায় নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২০০৯ সালে উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত এই শিক্ষকদের ২০১৫ সালে প্রভিডেন্ট ফান্ডের (PF) দাবি তোলার পরেই বেআইনিভাবে ছাঁটাই করা হয়েছিল। শিক্ষকদের ন্যূনতম ছুটি ও ন্যায্য পারিশ্রমিক না দিয়ে গৃহপরিচারিকার থেকেও খারাপ অবস্থায় রাখা হয়েছিল বলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে উচ্চ আদালত।
যেহেতু ডিএসপি পরিচালিত ওই স্কুলগুলি বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে, তাই শিক্ষকদের পুনর্বহালের পরিবর্তে মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণের আদেশ দিয়েছে আদালত। নির্দেশ অনুযায়ী, ২০১৫ সাল থেকে প্রতি বছরের হিসাব ধরে বার্ষিক দেড় লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে কর্তৃপক্ষকে। পাশাপাশি দিতে হবে বার্ষিক ৬ শতাংশ সুদ। আগামী ৪৫ দিনের মধ্যে এই সম্পূর্ণ বকেয়া অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিপূরণ মেটাতে ব্যর্থ হলে এই সুদের হার বেড়ে দাঁড়িয়ে দ্বিগুণেরও বেশি অর্থাৎ ১২ শতাংশ হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে হাইকোর্ট।