ইতিহাস গড়ার দোরগোড়ায় শীর্ষ আদালত, কে হচ্ছেন ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি?

বার্তা ডেস্কঃ

দেশের বিচারব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে সুপ্রিম কোর্টে। সম্প্রতি কলেজিয়ামের সুপারিশে বিচারপতি সুনীতা আগরওয়াল, দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও আপরেশ কুমার সিং শপথ গ্রহণ করায় শীর্ষ আদালতের কার্যকরী বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭-এ। এতে সর্বোচ্চ আদালতে মহিলা বিচারপতির সংখ্যা বেড়ে হয়েছে তিন—বিচারপতি বি ভি নাগরত্না, বিচারপতি ভি মোহনা এবং নবনিযুক্ত বিচারপতি সুনীতা আগরওয়াল। জমে থাকা মামলার চাপ কমাতে এবং সাংবিধানিক বেঞ্চের কাজ ত্বরান্বিত করতে সুপ্রিম কোর্টে অনুমোদিত পদের সংখ্যা ৩৪ থেকে বাড়িয়ে ৩৮ করা হয়েছিল। নতুন নিয়োগের পর পূর্ণাঙ্গ রূপ পেতে এখন আর মাত্র একটি পদ ফাঁকা রয়েছে।

তবে সব নজর এখন বিচারপতি বি ভি নাগরত্নার দিকে, যিনি ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি (CJI) হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে পারেন। বিদ্যমান সিনিয়রিটি তালিকার ভিত্তিতে ২০২৭ সালের ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত তিনি এই শীর্ষ পদে বসতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে ২৯ অক্টোবর ২০২৭ সালে তাঁর অবসরের নির্ধারিত তারিখ থাকায়, ভারতের বিচারবিভাগের ইতিহাসে প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ মাত্র কয়েক সপ্তাহের হতে চলেছে। সব মিলিয়ে দেশের বিচারব্যবস্থার এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে দেশজুড়ে তীব্র কৌতূহল ও জল্পনা সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *