পুজোর আগেই সুখবর, অর্ধেক দামে মিলবে চিনি-ময়দা-সুজি!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজো উপলক্ষে সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে বিশেষ রেশন প্যাকেজ বিতরণের তারিখ ঘোষণা করল রাজ্য সরকারের খাদ্য দপ্তর। উৎসবের মরশুমে রাজ্যের প্রায় দুই কোটি গরিব ও মধ্যবিত্ত পরিবারকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। খাদ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত প্রায় এক মাস ধরে এই বিশেষ রেশন সামগ্রী দেওয়া হবে। এর ফলে উপভোক্তারা বাজারদরের তুলনায় প্রায় অর্ধেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন।
পুজোর দিনগুলিতে মিষ্টি ও বিভিন্ন পদ তৈরিতে চিনি, ময়দা এবং সুজির চাহিদা বৃদ্ধি পায়। এই বিষয়টি মাথায় রেখেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে রেশন কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার ১ কেজি চিনি, ১ কেজি ময়দা এবং ৫০০ গ্রাম সুজি অত্যন্ত সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারবে। উৎসবের মরশুমে সরকারের এই পদক্ষেপে রাজ্যের সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।