অধ্যক্ষের ঘর খোলার দাবিতে রণক্ষেত্র দ্বিজেন্দ্রলাল কলেজ, ভিতরে কী আছে দেখতে চাই!

বার্তা ডেস্কঃ

আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ছুটিতে পাঠানো অধ্যক্ষের চেম্বারসংলগ্ন সিল করা বেডরুম অবিলম্বে খোলার এবং প্রশাসনিক তদন্ত কমিশনের রিপোর্ট সর্বসমক্ষে প্রকাশের দাবিতে উত্তাল হয়ে উঠল দ্বিজেন্দ্রলাল কলেজ। বুধবার এবিভিপির পড়ুয়াদের তীব্র বিক্ষোভকে কেন্দ্র করে কলেজ চত্বরে চরম উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মধ্যস্থতা করে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পড়ুয়াদের স্পষ্ট অভিযোগ, অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে কোটিরও বেশি টাকার দুর্নীতি, স্বজনপোষণ ও নানা অনিয়মের বহু গুরুতর অভিযোগ জমা পড়েছে।

গত মার্চ মাসে তদন্ত কমিশন গঠিত হলেও এখনও সেই রিপোর্ট প্রকাশ্যে না আসায় এবং বিতর্কিত ওই অধ্যক্ষের ফের কলেজে ফিরে আসার গুঞ্জনে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, উর্দ্ধতন কর্তৃপক্ষের লিখিত নির্দেশ ছাড়া এই সিল করা ঘর বা বেডরুমের চাবি দেওয়া সম্ভব নয়। তবে আন্দোলনকারী পড়ুয়ারা সাফ জানিয়েছেন, বেডরুমের ভেতরে আসলে কী রয়েছে এবং দুর্নীতির আসল সত্য সামনে না আসা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। এই বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *