খড়গপুরে ইতিহাস! ১০ ইঞ্জিনে বসে গেল অত্যাধুনিক ‘কবচ’ সুরক্ষা ব্যবস্থা
বার্তা ডেস্কঃ
ট্রেন চলাচল আরও নিরাপদ করতে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ইলেকট্রিক লোকো শেডে নেওয়া হয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ। শেডের ১০টি ইঞ্জিনে সফলভাবে বসানো হয়েছে অত্যাধুনিক ‘কবচ’ সুরক্ষা ব্যবস্থা। গত ২৫ জুলাই থেকে ১ অক্টোবরের মধ্যে এই কাজ সম্পন্ন হয়। এই প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট পরিস্থিতিতে স্বয়ংক্রিয় ব্রেক কষা, লাল সিগন্যাল অতিক্রম রোখা এবং অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পাশাপাশি কেবিনের ডিসপ্লের মাধ্যমে লোকো পাইলটকে সিগন্যাল সংক্রান্ত সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।
অন্যদিকে, দক্ষিণ-পূর্ব রেলের মধ্যে এই খড়গপুর শেডেই প্রথম সনাতনী মালবাহী ইলেকট্রিক ইঞ্জিনে আরএফআইডি ট্যাগ লাগানো হচ্ছে। ডিজিটাল মাধ্যমে ইঞ্জিনের সঠিক অবস্থান নজরে রাখতে ইতিমধ্যেই দুটি ইঞ্জিনে এই ট্যাগ বসানো হয়েছে এবং আরও তিনটিতে কাজ চলছে। এছাড়া আরও দুটি ইঞ্জিনে ‘কবচ’ বসানোর কাজ শেষ হয়েছে এবং দুটি চালিত হওয়ার অপেক্ষায় আছে। রেল কর্তৃপক্ষের দৃঢ় বিশ্বাস, এই আধুনিক প্রযুক্তির ফলে ট্রেন চলাচলের সুরক্ষা ও সামগ্রিক পরিচালন ব্যবস্থা আরও উন্নত হবে।