পঞ্চমীতেই বৃষ্টির ভ্রুকুটি! পুজোর আনন্দ কি তবে মাটি হতে চলেছে?
বার্তা ডেস্কঃ
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই রাজ্যের ঘরে ঘরে শুরু হয়ে যাবে দুর্গোৎসবের আনন্দ। তবে উৎসবের আমেজে বড়সড় বাধা হতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার আন্দামান সাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার জেরে চলতি বছরের দুর্গাপুজোয় বৃষ্টির ভ্রূকুটি কাটছে না। মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও সপ্তাহের মাঝের দিনগুলিতে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আসল শঙ্কা তৈরি হয়েছে চতুর্থী ও পঞ্চমীকে ঘিরে, যখন থেকে বৃষ্টির প্রভাব বাড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত উপকূল ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বর্ষণের জোরালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নিম্নচাপের গতিপ্রকৃতি ও শক্তি স্পষ্ট হলে পুজোর দিনগুলির আবহাওয়ার সঠিক চিত্র আরও পরিষ্কার হবে। ফলে উৎসবের কেনাকাটায় জল ঢালতে পারে এই অপ্রত্যাশিত আবহাওয়া পরিবর্তন, যা নিয়ে এখন থেকেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মনে।