রেজিনগর-নন্দীগ্রামের ফলে বড় চমক, ‘বাঙালি মুসলিমরা এখন BJP-র পাশে’! বিস্ফোরক শুভেন্দু
বার্তা ডেস্কঃ
রেজিনগর ও নন্দীগ্রামের ভোটের ফল প্রকাশের পর রাজ্য রাজনীতিতে জোর জল্পনা সৃষ্টি করে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে, রাজ্যের সংখ্যালঘু ভোটাররা এখন বিজেপিকে সমর্থন করছেন। তাঁর মতে, দীর্ঘ দিন ধরে বিজেপির বিরুদ্ধে ছড়ানো ভয় ও অপপ্রচারের ধারণা বদলে গেছে। গত কয়েক মাসে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মের সুফল পাওয়ায় এবং উন্নয়ন যজ্ঞে শামিল হতে পেরে মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশ, বিশেষ করে মহিলারা, বিজেপির প্রতি আস্থা রাখছেন। রেজিনগরে মুসলিম ভোটের ৬০ শতাংশ এবং নন্দীগ্রামে ৮০ শতাংশ ভোট বিজেপি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিজেপিকে নিয়ে অতীতের আশঙ্কা উড়িয়ে শুভেন্দু আশা প্রকাশ করেন যে, বাঙালি মুসলমানদের বেশিরভাগ অংশই আগামী দিনে উন্নয়নের পাশে থাকবে এবং দল শীঘ্রই ৬০ শতাংশ পর্যন্ত সমর্থন পাবে। উপনির্বাচনের এই সাফল্যের পরই বিজেপি নেতৃত্বের লক্ষ্য স্থির হয়েছে পরবর্তী নির্বাচনী রণকৌশলে। তিনি জানান, দুর্গাপুজো মিটলেই হাওড়া ও কলকাতা পুরসভার ভোটের প্রস্তুতি শুরু হবে। এর পর আগামী বছরের ১১০টি পুরসভা নির্বাচন, ২০২৮ সালের পঞ্চায়েত ভোট এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও দল বড় জয়ের অভিমুখে এগোবে।