বিমান থেকে নামতেই বজ্রাঘাত, প্রয়াত অভিজিৎ দীপকের ঠাকুমা!

বার্তা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পূর্বঘোষিত আন্দোলনকে কেন্দ্র করে শনিবার চরম উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। এদিন সকালেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর আগেই বিমান থেকে আটক করা হয় ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং তাঁর সহযোগীদের। ঠিক এই সংকটের মুহূর্তেই তাঁর পৈতৃক বাড়ি থেকে এল এক মর্মান্তিক সংবাদ। ৮৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন অভিজিতের ঠাকুমা সাবিত্রীবাই শংকর দীপকে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সান্তুক পিমপ্রি গ্রামে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবর পাওয়ার পরই তাঁর বাবা-মা গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে, যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি রুখতে মধ্য দিল্লির একাধিক এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়েছে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, আটক হওয়া অভিজিৎ দীপকে তাঁর ঠাকুমার মৃত্যুর খবর জানানো হয়েছে। এমনকি তিনি চাইলে শেষকৃত্যে যোগ দিতে পারেন বলেও পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি দিল্লি ছেড়ে পৈতৃক বাড়িতে যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এই হাই-ভোল্টেজ রাজনৈতিক নাটক ও পারিবারিক শোকের ছায়ায় বর্তমানে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *