মহালয়ায় যাত্রীদের বড় উপহার, অরেঞ্জ লাইনে সফল ট্রায়াল রান!
বার্তা ডেস্কঃ
কলকাতার মেট্রো যাত্রীদের জন্য মহালয়ায় এলো চরম খুশির খবর। শনিবার অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশ অর্থাৎ বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে চিংড়িঘাটায় আটকে থাকা জট কাটার পর মাত্র ৯০ দিনে ৩৬৬ মিটারের কাজ শেষ করে এই ঐতিহাসিক সাফল্য মিলল। রেলওয়ে সেফটি কমিশনারের চূড়ান্ত ছাড়পত্র পেলেই এই নতুন রুটে মেট্রো চলাচল শুরু হবে। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসে বড়দিনের সময় কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে।
বর্তমানে অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মাত্র ৯ কিলোমিটার অংশে মেট্রো চলাচল করে। তবে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত নতুন অংশটি যুক্ত হলে গৌরকিশোর ঘোষ ও নলবন স্টেশন ছুঁয়ে এই পরিষেবা মোট ১৫ কিলোমিটারের বেশি এলাকা কভার করবে। ফলে আইটি হাব সেক্টর ফাইভে কর্মরত হাজার হাজার কর্মী ও সাধারণ যাত্রীরা খুব কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন। দীর্ঘ প্রতীক্ষার পর এই রুটটি চালু হলে শহরের গণপরিবহন ব্যবস্থার এক আমূল পরিবর্তন ঘটবে।