বিস্ফোরক মন্তব্যে বিপাকে মহুয়া, ১০ কোটির মানহানির নোটিস!
বার্তা ডেস্কঃ
তীব্র বিতর্কের মুখে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এক্স হ্যান্ডেলে রাজ্যের মুখ্যসচিব তথা প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ও সুব্রত গুপ্তের ছবি পোস্ট করে তাঁদের বিরুদ্ধে বেআইনি কাজের গুরুতর অভিযোগ তোলেন সাংসদ। তবে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে কড়া আইনি পদক্ষেপ করেছেন মুখ্যসচিব। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই তিনি দায়িত্ব পালন করেছেন এবং মহুয়ার এমন অভিযোগে তাঁর পেশাগত সততা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ফলে নিজের অবস্থান স্পষ্ট করে সাংসদকে আইনি নোটিস পাঠিয়েছেন তিনি।
এই নোটিসে মহুয়া মৈত্রকে বিতর্কিত পোস্ট দুটি অবিলম্বে মুছে ফেলা এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন মন্তব্য না করার প্রতিশ্রুতি, মানহানির ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি টাকা এবং আইনি খরচ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করা হয়েছে। নির্ধারিত সময়ে জবাব না দিলে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যসচিব। তবে এই পুরো আইনি নোটিসের বিষয়টিকে বিন্দুমাত্র তোয়াক্কা করছেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।