শনিবারের অভিযানের পরেও দমে না গিয়ে ফের যন্তর মন্তরে ডাক ‘আরশোলাদের’!
বার্তা ডেস্কঃ
দিল্লিতে শনিবারের ব্যাপক পুলিশি ও প্রশাসনিক অভিযানের পরেও দমে যাচ্ছে না ককরোচ জনতা পার্টি (CJP)। সমস্ত নিরাপত্তা বিধিনিষেধ ও ধরপাকড়কে বুড়ো আঙুল দেখিয়ে রবিবার, ১১ অক্টোবর ফের যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। তবে শনিবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর থেকেই CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দুই সহ আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার কোনও হদিশ মেলেনি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ ঘণ্টার বেশি সময় ধরে তাঁদের আটক করে রাখা হলেও কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে তারা।
শীর্ষ নেতৃত্ব আটক থাকায় আন্দোলনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন CJP নেতা অজিঙ্কা শিন্ডে। তাঁর নেতৃত্বেই আজ সকাল ১০টায় যন্তর মন্তরে পুনরায় বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি চলছে। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলন সংগঠিত হচ্ছে। শনিবারের বিক্ষোভে রাজধানীজুড়ে প্রায় ৩ হাজার মানুষকে আটক করা হয়েছিল এবং বহু বিরোধী নেতাকেও বাধা দেওয়া হয়। এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় যন্তর মন্তর ও সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করেছে দিল্লি পুলিশ। বর্তমান পরিস্থিতিতে রবিবারের এই জমায়েতকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে রাজধানীতে।