শিয়ালদহ নেমে ঘুরে ফেলুন কলকাতার সেরা ৩ পুজো, ভিড় এড়ানোর সিক্রেট রুট ম্যাপ রইল আপনার জন্য!
বার্তা ডেস্কঃ
শিয়ালদহ স্টেশনে পা রেখেই যদি আপনার মনে প্রশ্ন জাগে যে, কীভাবে ভিড় এড়িয়ে শহরের সেরা পুজো গুলো এক নিশ্বাসে ঘুরে নেবেন, তবে আপনাদের জন্য রইল দারুণ এক সিক্রেট রুট ম্যাপ। স্টেশনের একদম কাছাকাছি থাকা কলকাতার তিনটি নজরকাড়া ও ঐতিহ্যবাহী পুজোর হদিশ দেওয়া হলো এখানে:
১. শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব শিয়ালদহ স্টেশনে নেমেই সোজা চলে যেতে পারেন শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবের পুজোয়। শহর কলকাতার অন্যতম জমজমাট ও বড় বাজেটের পুজো এটি। বিপুল আয়োজনে সেজে ওঠা এই পুজোর এবারের মূল আকর্ষণ হলো ‘লন্ডন ব্রিজ’। হুবহু লন্ডন ব্রিজের আদলে তৈরি এই বিশাল ও সুদৃশ্য পূজামণ্ডপ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমার সম্ভাবনা রয়েছে।
২. সন্তোষ মিত্র স্কোয়ার শিয়ালদহ স্টেশন থেকে হাঁটাপথ বা ঢিলছোঁড়া দূরত্বেই রয়েছে কলকাতার অন্যতম হাইপ্রোফাইল ও জনপ্রিয় পুজো— সন্তোষ মিত্র স্কোয়ার। শহরের অন্যতম সেরা এই পুজোর প্রধান উদ্যোক্তা ও অন্যতম কর্তা হলেন বিশিষ্ট নেতা সজল ঘোষ। এই পুজোর জাঁকজমক বরাবরই এক আলাদা মাত্রা যোগ করে। সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের পুজোর মূল ভাবনা বা থিম হলো ‘বন্দে মাতরম’-এর দেড়শো বছর পূর্তি। দেশাত্মবোধ ও ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ দেখতে এখানে প্রতিদিন ভিড় জমান হাজার হাজার পুজোপ্রেমী।
৩. কলেজ স্কোয়ার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখে অল্প একটু হেঁটে পৌঁছে যান কলেজ স্কোয়ারের ঐতিহ্যবাহী মণ্ডপে। এটি কলকাতার অন্যতম সেরা এবং প্রাচীন পুজো গুলির মধ্যে একটি। বিশাল সুইমিংপুল বা লেককে কেন্দ্র করে গড়ে ওঠা এই মণ্ডপের চারপাশের চোখধাঁধানো আলোকসজ্জা সন্ধ্যার সময় এক মায়াবী পরিবেশ তৈরি করে। কলেজ স্কোয়ারের এবারের পুজোর থিম হলো রাজস্থানের জয়পুরের বিখ্যাত ‘অ্যালবার্ট মিউজিয়াম’। জলের ওপর রাজকীয় এই প্রাসাদের প্রতিচ্ছবি এবং চোখ জুড়ানো লাইটিং এখানকার প্রধান ও দীর্ঘদিনের মূল আকর্ষণ।