ক্যামেরার সামনেই প্রেমের গুঞ্জন নিয়ে বড় চমক দিলেন বনি ও কৌশানী!
বার্তা ডেস্কঃ
টালিগঞ্জ পাড়ায় কান পাতলেই গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়ের এক দশকের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। বিশেষ করে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে নায়িকার নাম জড়ানোর পর থেকেই এই জল্পনা দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। একটি অনুষ্ঠানে দুই তারকার উপস্থিতি এবং তাঁদের ঘিরে তৈরি হওয়া নানা গুঞ্জন ঘিরে সিনেদুনিয়ায় উত্তেজনার পারদ চড়েছিল।
তবে সমস্ত জল্পনায় জল ঢেলে অবশেষে এক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে মুখ খুললেন বনি ও কৌশানী। বনি স্পষ্ট জানিয়ে দেন, রিল এবং রিয়েল লাইফ কখনোই এক হতে পারে না এবং দিনের শেষে তাঁকে বাড়িতে ফিরতেই হয়। কৌশানীও এই প্রসঙ্গে জানান যে ছবি ও জুটির গ্রহণযোগ্যতা নিয়ে এমন আলোচনা কাজের পক্ষেই ইতিবাচক। সব মিলিয়ে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে যে কোনও চিড় ধরেনি, তা এ দিন পরিষ্কার করে দিলেন এই জনপ্রিয় তারকাযুগল।