জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল রাজনীতি, বড় পদক্ষেপের পথে কি ইন্ডিয়া জোট?
বার্তা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন তীব্র করতে চলেছে ইন্ডিয়া জোট। পরবর্তী রণকৌশল নির্ধারণে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন জোটের শীর্ষ নেতৃত্বরা। আন্দোলন কেবল রাজপথেই সীমাবদ্ধ থাকবে, নাকি এবার আদালতের দরজায় কড়া নাড়া হবে— তা নিয়েই মূলত সিদ্ধান্ত নেওয়া হবে। এই রাজনৈতিক উত্তাপের মধ্যেই বিকেল ৪টেয় ছাত্র ও তরুণ নেতাদের এক বিশেষ চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এছাড়া, কেপিসিসি-র নির্দেশে কেরালা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালাসহ একাধিক শীর্ষ নেতা দিল্লি পৌঁছাচ্ছেন এবং জেলাগুলিতে ‘গণতন্ত্র রক্ষা সমাবেশ’-এর ডাক দেওয়া হয়েছে।
অন্যদিকে, দিল্লিতে প্রতিবাদের স্থান পরিবর্তনকে কেন্দ্র করে প্রশাসনিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। সম্প্রতি এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যন্তর মন্তরের পরিবর্তে রামলীলা ময়দান, বুরারি গ্রাউন্ড এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ডে বিক্ষোভ প্রদর্শনের অনুমোদন দেওয়া হবে। দিল্লি পুলিশ কমিশনার অনুরাগ কুমার জানিয়েছেন, এই নতুন জায়গাগুলির জন্য খুব শিগগিরই একটি নতুন এসওপি (SOP) জারি করা হবে। এই সিদ্ধান্তের আবহেই যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি চেয়ে দিল্লি পুলিশকে চিঠি দিয়েছে ককরোচ জনতা পার্টি (CJP)। প্রশাসনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে জবাব চেয়ে আল্টিমেটামও জারি করেছে তারা।