এআই কি মানবজাতির জন্য শেষ সতর্কবার্তা?
বার্তা ডেস্কঃ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যতই উন্নত ও বুদ্ধিমান হোক না কেন, তার হাতে অবাধ ক্ষমতা দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা। তাঁর মতে, এআই মডেল আর্থিক লেনদেনের পরামর্শ দেওয়া, গোপন তথ্য বিশ্লেষণ বা সিস্টেম সেটিংস পরিবর্তনের প্রস্তাব করতে পারলেও স্বয়ংক্রিয়ভাবে কাজ করার চূড়ান্ত অধিকার তার থাকা উচিত নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শ দেওয়ার ক্ষমতা এবং তা বাস্তবায়নের নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সবসময় আলাদা রাখা জরুরি। এআই কোন তথ্য ব্যবহার করবে এবং তার কাজের সীমারেখা কী হবে, তা পৃথকভাবে নির্ধারণ করার আহ্বান জানিয়েছেন তিনি।
এআই-এর কার্যক্রম নিরাপদ রাখতে কড়া নজরদারি, নিয়মিত পরীক্ষা এবং প্রয়োজন হলে মানুষের মাধ্যমে সাথে সাথে তা বন্ধ করার ব্যবস্থা রাখার ওপর জোর দিয়েছেন নাদেলা। একটি এআই দিয়ে অন্যটির ভুল ধরাও সবসময় নির্ভুল নাও হতে পারে, কারণ স্বাধীন যাচাই ব্যবস্থা না থাকলে পুরো প্রযুক্তি বিভ্রান্ত হতে পারে। এমনকি প্রযুক্তিগত বড় ত্রুটি বা হ্যাকিংয়ের খবর গোপন না করে তা প্রকাশ্যে আনার পরামর্শ দিয়েছেন তিনি, যাতে অন্য সংস্থাগুলো সতর্ক হতে পারে। নাদেলার স্পষ্ট বার্তা হলো, কোনো প্রযুক্তিকে অন্ধভাবে বিশ্বাস করার সুযোগ না রেখে শক্তিশালী নিয়ন্ত্রণ ও নজরদারির মাধ্যমেই এআই-কে প্রকৃত অর্থে নির্ভরযোগ্য করে তোলা সম্ভব।