পুজো অনুদান নিতেই মুখ্যমন্ত্রীর ছবি! বিজেপি বিধায়কের মন্তব্যে শোরগোল রাজ্যজুড়ে।
বার্তা ডেস্কঃ
জলপাইগুড়িতে সরকারি অনুদানপ্রদান ও পুজোর গাইড ম্যাপ প্রকাশ অনুষ্ঠানে পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি রাখার আবেদন জানিয়ে তুমুল বিতর্কে জড়ালেন রাজগঞ্জের বিজেপি বিধায়ক দীনেশ সরকার। অনুষ্ঠান ঘিরে বিতর্ক তৈরি হতেই বিষয়টিকে তিনি নিজের ‘ব্যক্তিগত মত’ বলে সাফাই দিয়ে জানান, মুখ্যমন্ত্রী সবার জন্য ভাবেন বলেই তিনি প্যান্ডেল বা তার আশেপাশে ছবি লাগানোর কথা বলেছেন। আশ্চর্যজনকভাবে, বিধায়কের এই বিতর্কিত প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানিয়েছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়।
বিজেপি বিধায়কের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বিরোধীরা অভিযোগ তুলেছে, ধর্মীয় উৎসবেও রাজনৈতিক তোষামোদি চালানো হচ্ছে। এই ইস্যুতে সিপিএম জেলা সম্পাদক পীযুষ মিশ্র কটাক্ষ করে জানান যে বিজেপিতে তৃণমূলীকরণ চলছে। তবে শাসকদল তৃণমূলের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে তাঁদের কোনো আপত্তি নেই। অন্যদিকে কিছুদিন আগেই দিলীপ ঘোষ ইঙ্গিতবাহী পোস্টে জানিয়েছিলেন যে দুর্গাপুজো বাঙালির আবেগের উৎসব, এখানে রাজনীতির কোনো স্থান নেই।