দিঘা ভ্রমণে বিপদমুক্ত থাকতে আজই ব্যবহার করুন সেফ ট্রিপ অ্যাপ!
বার্তা ডেস্কঃ
সৈকতশহর দিঘায় ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অভিনব পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সম্প্রতি সমুদ্রের তোড়ে পর্যটক ভেসে যাওয়ার মতো মর্মান্তিক ঘটনার পর উৎসবের মুখে চালু করা হলো বিশেষ মোবাইল অ্যাপ ‘সেফ ট্রিপ দিঘা’। জেলা পুলিশ সুপার অংশুমান সাহা মঙ্গলবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই প্রযুক্তির শুভ উদ্বোধন করেন। মূলত সমুদ্রে স্নান করার সময় দুর্ঘটনা রুখতেই প্রশাসনের এই যুগান্তকারী উদ্যোগ।
এই অ্যাপের মূল আকর্ষণ ‘রিয়েল-টাইম বিচ ম্যাপিং’ ব্যবস্থা, যার মাধ্যমে কোনটা নিরাপদ ও কোনটা বিপজ্জনক অঞ্চল তা মুহূর্তেই জানা যাবে। নিরাপদ স্থানগুলো সবুজ এবং বিপজ্জনক এলাকাগুলো লাল রঙে নির্দেশিত হবে। এছাড়া বিপদে দ্রুত সহায়তার জন্য অ্যাপে রয়েছে পুলিশের বিশেষ মডিউল, নিকটবর্তী পুলিশ বুথের অবস্থান এবং ডিউটি অফিসারদের জরুরি নম্বর। আগামীতে যানজট নিয়ন্ত্রণসহ আরও নতুন সুবিধা যুক্ত হতে যাওয়া এই অ্যাপ দিঘার সফরকে অনেক বেশি নিরাপদ ও নিশ্চিন্ত করবে।