TET পাস করেও শিক্ষক হওয়া যাবে না? স্নাতকের নম্বর নিয়ে বড় বিপত্তি!
বার্তা ডেস্কঃ
জাতীয় শিক্ষক শিক্ষণ পরিষদ বা NCTE-র সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে শিক্ষামহলে। নতুন নির্দেশিকা অনুযায়ী, বিদ্যালয়গুলিতে ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার বা TGT পদে নিয়োগের জন্য প্রার্থীদের জন্য দুটি কড়া শর্ত বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে আবেদনের জন্য সরকার পরিচালিত TET উত্তীর্ণ হওয়ার পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকে ন্যূনতম ৫০% নম্বর থাকতে হবে। কোনো প্রার্থী টেট পাস করলেও যদি গ্র্যাজুয়েশনে ৪৯% নম্বর থাকে, কিংবা ৫০% নম্বর থাকা সত্ত্বেও টেট পাস না করেন, তবে তিনি এই পদে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। এই নয়া নিয়মটি ১০ অক্টোবর ২০২৬ থেকেই কার্যকর করা হয়েছে।
এদিকে, এই কড়া নির্দেশিকা প্রকাশ্যে আসতেই উদ্বেগ ও চিন্তার মেঘ ঘনিয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। যারা ভবিষ্যতে টিজিটি পদে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের এখন থেকেই নিজের মার্কশিট ও টেট সার্টিফিকেটের যোগ্যতার দিকে বাড়তি নজর রাখতে হবে। অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কর্মরত শিক্ষকদের জন্য বছরে দু’বার TET আয়োজনের কথা ভাবছে রাজ্য। এই লক্ষ্যে স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চিঠি পাঠিয়েছে শিক্ষা দফতর, যাতে কর্মরত শিক্ষকরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরীক্ষা দিয়ে তাঁদের প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে পারেন।