পুজোর আগেই কি মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? কী বলছে প্রশাসন!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর আনন্দের মাঝেই অন্নপূর্ণা যোজনার অনুদান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন রাজ্যের বহু মহিলা। কারও আবেদন এখনও ‘Under Process’, আবার কেউ অনুমোদনের অপেক্ষায় দিন গুনছেন। পুজোর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকা ঢুকবে কি না, তা নিয়ে বাড়ছে কৌতূহল। কিন্তু আবেদন জমা দেওয়ার পর ঠিক কত দিনে ‘Under Process’ থেকে ‘Approved’ হয়? পুজোর আগে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা কতটা? এই প্রশ্নগুলির উত্তর জানতে আবেদনকারীদের নজর এখন প্রশাসনিক যাচাই এবং সরকারি আপডেটের দিকে।
অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন অনুমোদনের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুমোদন পেতে গেলে আবেদনকারীর দেওয়া তথ্য, প্রয়োজনীয় নথি, যোগ্যতা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ নির্ভুল হতে হবে। কোনও তথ্য আসাম্পূর্ণ থাকলে বা নথির সঙ্গে আবেদনের তথ্যের অমিল দেখা দিলে প্রক্রিয়া সম্পূর্ণ হতে দেরি হতে পারে এমনকি আবেদন বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। যাঁদের আবেদন যাচাই সম্পূর্ণ হয়ে ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে, তাঁদের পুজোর আগে টাকা ঢোকার সম্ভাবনা প্রবল। তবে আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে থাকলে নির্দিষ্টভাবে ওই দিনই টাকা ঢুকবে, এমনটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তাই শুধু স্ট্যাটাসের পরিবর্তনের অপেক্ষায় না থেকে সমস্ত তথ্য যাচাই করাই বুদ্ধিমানের কাজ হবে।