৫ টাকায় অন্নপূর্ণা যোজনা! দুর্গাপুজোর মণ্ডপে এ কী কাণ্ড?
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর মরশুমে দুর্গাপুরের মার্কনী দক্ষিণ পল্লীর পুজোমণ্ডপ প্রাঙ্গণে এক অভিনব দৃশ্য চোখ কাড়ছে দর্শনার্থীদের। সরকারি জনপ্রিয় প্রকল্পের নামে মাত্র ৫ টাকায় বিকোচ্ছে ‘অন্নপূর্ণা যোজনা’। তবে এটি কোনো সরকারি সুযোগ-সুবিধা নয়, বরং সরকারি প্রকল্পের নামের সঙ্গে হুবহু মিল রেখে বাজারে আনা একটি চিপসের প্যাকেট। পুজো দেখতে আসা ভিড়ের মধ্যে বিশেষ করে শিশুদের কাছে এই চিপস অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। মণ্ডপ চত্বরে এক নারী বিক্রেতা এই চিপস বিক্রি করছেন এবং পুজোর দিনগুলোতে এর বিক্রি বেশ ভালোই হচ্ছে বলে জানা গেছে।
চিপসের এই প্যাকেটের নাম ও জনপ্রিয়তার কারণে পুজোমণ্ডপ চত্বরে দেখা দিয়েছে তীব্র কৌতূহল। যদিও সরকারি অন্নপূর্ণা যোজনার সঙ্গে ৫ টাকার এই চিপসের সরাসরি কোনো প্রশাসনিক সম্পর্ক নেই, এটি নিছকই একটি মুখরোচক খাবারের প্যাকেট। এই বিষয়ে স্থানীয় বিজেপি জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল জানান, সরকারি প্রকল্পের নাম ছাড়া হয়তো চিপসটি এতটা নজর কাড়ত না, তবে বিষয়টি তাঁরাও বেশ উপভোগ করছেন। সরকারি নামকে কাজে লাগিয়ে বানানো এই খাবারের প্যাকেটটি উৎসবের দিনগুলোতে মণ্ডপের সামনে একটি বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।