পুজোর মুখে গঙ্গা নিয়ে বড় সিদ্ধান্ত, চিন্তায় সাধারণ মানুষ!

বার্তা ডেস্কঃ

বকেয়া বেতন ও পুজোর বোনাসের দাবিতে হাওড়া ও কলকাতার মধ্যে সমস্ত ফেরি সার্ভিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিলেন হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি লিমিটেডের কর্মীরা। বুধবার দুপুর থেকেই হাওড়া-কলকাতা সহ ১৬টি রুটের সমস্ত জলপথ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। দীর্ঘ পাঁচ বছর ধরে দুই মাসের বেতন বকেয়া রাখা এবং এ বছর উৎসবের মরশুমে কোনো বোনাস না দেওয়ায় বাধ্য হয়েই কর্মীরা এই কর্মবিরতির পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছেন। এর ফলে উৎসবের এই দিনগুলিতে প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার যাত্রী ও পুজো দর্শনার্থীদের চরম ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

হাওড়া-চাঁদপাল, রামকৃষ্ণপুর, আর্মেনিয়াম ঘাট থেকে শুরু করে নাজিরগঞ্জ-মেটিয়াব্রুজ ও গাদিয়াড়া রুটের মতো গুরুত্বপূর্ণ ১৬টি রুটে ছোট-বড় প্রায় ১৫টি লঞ্চ চলাচল ব্যাহত হয়েছে। প্রতিদিন এই পথগুলিতে প্রায় পনেরো হাজার নিত্যযাত্রী যাতায়াত করে থাকেন। নদীপথে যোগাযোগ হঠাৎ এভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি লিমিটেডের প্রশাসক জানিয়েছেন যে তারা কর্মীদের সমস্ত অভিযোগ শুনেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তবে পুজোর ঠিক প্রাক্কালে পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষের যাতায়াত নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *