বলিউডের বাঙালি সুরকারের সঙ্গে প্রতারণা, ১৩ লক্ষ টাকা নিয়ে কোথায় গেলেন প্রযোজক?
বার্তা ডেস্কঃ
বলিউডের এক খ্যাতনামা বাঙালি সুরকার ও প্লেব্যাক গায়ককে প্রতারণা করে ১৩ লক্ষ ৩৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল এক স্বঘোষিত চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৬ সেপ্টেম্বর মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টের একটি স্টুডিওয় দুজনের প্রথম পরিচয় হয়। সেখানে একটি নতুন ছবি তৈরির কথা বলে চুক্তিপত্রে সই করানোর পর অভিযুক্ত সুরকারকে ১১ লক্ষ ৮০ হাজার টাকার একটি চেক দেন। এর পরদিন জরুরি প্রয়োজনে ইউপিআই কাজ করছে না জানিয়ে সুরকারের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন তিনি। পাশাপাশি সুরকারের ক্রেডিট কার্ড ব্যবহার করে আরও ১ লক্ষ ২৪ হাজার টাকার কেনাকাটাও সেরে নেন ওই প্রযোজক।
ঘটনার সূত্রপাত মুম্বইয়ে হলেও সম্প্রতি পুজোর আগে অভিযুক্ত ব্যক্তি কলকাতায় এসেছেন বলে সুরকারকে জানান। কথা অনুযায়ী মধ্য কলকাতায় দেখা করতে এসেও সুরকার তাঁর কোনো সন্ধান পাননি এবং প্রতারিত হয়েছেন বুঝতে পারেন। এরপরেই নিরুপায় হয়ে ভুক্তভোগী সুরকার মধ্য কলকাতার তালতলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতারণার সব দিক খতিয়ে দেখে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।