পুজোর মুখে বড় ধাক্কা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফেরি পরিষেবা!
বার্তা ডেস্কঃ
বকেয়া বেতন এবং উৎসবের বোনাস না পাওয়ায় হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি লিমিটেডের কর্মীরা অনির্দিষ্টকালের জন্য সমস্ত ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এর জেরে হাওড়া ও কলকাতার সংযোগকারী প্রধান রুটগুলি সহ মোট ১৬টি রুটে লঞ্চ পরিষেবা সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষের তরফ থেকে বারবার আশ্বাসের পরেও কোনো সমাধান না মেলায় শেষ পর্যন্ত বাধ্য হয়েই কর্মীরা এই কর্মবিরতিতে শামিল হয়েছেন। এর ফলে পুজোর এই ব্যস্ত সময়ে চরম ভোগান্তির আশঙ্কায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ ও দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা।
প্রতিদিন এই রুটগুলিতে হাজার হাজার যাত্রী যাতায়াত করে থাকেন এবং বিশেষ করে উৎসবের দিনগুলিতে গঙ্গার জলপথের ওপর মানুষের নির্ভরতা অনেকটাই বৃদ্ধি পায়। পরিষেবা বন্ধ থাকায় হাওড়া থেকে চাঁদপাল, রামকৃষ্ণপুর কিংবা কলকাতার আর্মেনিয়াম ঘাট, আহিরীটোলা, শোভাবাজার ও বাগবাজারের মতো গুরুত্বপূর্ণ ঘাটগুলিতে যাতায়াতকারী নিত্যযাত্রীরা বিপাকে পড়েছেন। পাশাপাশি নাজিরগঞ্জ-মেটিয়াব্রুজ, গাদিয়াড়া-গেঁওখালি এবং বাউড়িয়া রুটেও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সমিতির পক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস মিললেও সংকট কাটানোর নির্দিষ্ট কোনো পথ এখনও না মেলায় দুশ্চিন্তা বজায় রয়েছে।