চিনের ফাঁদে হারাতে পারেন সার্বভৌমত্ব, তাইওয়ানের সতর্কবার্তায় তোলপাড় বিশ্ব!
বার্তা ডেস্কঃ
চিনের সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরতা ইউরোপের অর্থনৈতিক নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি হতে পারে বলে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন তাইওয়ানের বিদেশমন্ত্রী লিন চিয়া-লুং। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের চিনের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ওয়ারশ সিকিউরিটি ফোরামে তিনি এই বার্তা দেন। ‘তাইপেই টাইমস’-এর একটি প্রতিবেদনে প্রকাশ পেয়েছে লিনের বক্তব্য, যেখানে তিনি উল্লেখ করেন যে বেজিংয়ের স্বৈরতান্ত্রিক আদর্শ ইউরোপের গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত। তিনি আরও যোগ করেন, কৌশলগত ক্ষেত্রগুলোতে চিনা নিয়ন্ত্রণের কাছে নতিস্বীকার করা মানে নিজেদের স্বাধীনতার অংশ বিসর্জন দেওয়া, যা ইউরোপের জন্য এক বড় বিপদ।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে তাইওয়ান ইউরোপের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সচেষ্ট হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও চিনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি এবং মস্কোর প্রতি বেজিংয়ের সমর্থনের পটভূমিতে মন্ত্রী লিন দুই অঞ্চলের যৌথ মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান, গণতন্ত্র, স্বাধীনতা এবং আইনের শাসনের ওপর ভিত্তি করে তাইওয়ানের উদ্ভাবনী অর্থনৈতিক মডেলের মাধ্যমে ইইউ লাভবান হতে পারে। অন্যদিকে, পোল্যান্ডে আয়োজিত এই ফোরামে তাইওয়ানের এই কঠোর বক্তব্যের বিষয়ে স্থানীয় চিনা দূতাবাসের প্রতিক্রিয়া চাওয়া হলেও তাদের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য মেলেনি।