রঙিন উড়ালপুলে মরণফাঁদ, কড়া নির্দেশে নড়েচড়ে বসল প্রশাসন!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজো উপলক্ষে কলকাতার একাধিক উড়ালপুলের রং বদল ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। পার্কসার্কাস, গড়িয়াহাট ও চিংড়িঘাটা উড়ালপুলে নতুন রঙের প্রলেপ দেওয়ার পর বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে পরপর মোটরবাইক দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রাজ্য সরকার।
বুধবার সন্ধ্যায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, উড়ালপুলের রং এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কলকাতা পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট দপ্তরের বিশেষজ্ঞদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, ব্যবহৃত রং ‘অ্যান্টি স্কিড’ হলেও ঠিক কী কারণে এই বিপত্তি ঘটল, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পৌরসংস্থা।