‘রেজিম চেঞ্জ’ ষোড়যন্ত্রের পর্দাফাঁস, আইসা নেত্রীর এক মন্তব্যে তুলকালাম রাজনীতি!
বার্তা ডেস্কঃ
বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের নেপথ্যে থাকা জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের ধন্যবাদ জানিয়ে আইসা (AISA) প্রধান নেহা বোরার দেওয়া সাম্প্রতিক একটি মন্তব্য ঘিরে দেশের রাজনীতিতে তুমুল বিতর্ক শুরু হয়েছে। জেন-জি আন্দোলন ও বাংলাদেশের ছাত্র বিক্ষোভ থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা স্বীকার করে নেহা বলেন, ছাত্র আন্দোলনের পথ দেখানোর জন্য তাঁরা ওপারের আন্দোলনের নেতৃত্বকে অভিনন্দন জানাচ্ছেন। এই বয়ানকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, এই মন্তব্যের মাধ্যমেই স্পষ্ট হয়ে গেল দেশে যে সমস্ত প্রতিবাদ ও অসন্তোষ সৃষ্টি করা হচ্ছে, তার আসল উদ্দেশ্য মূলত নির্বাচিত সরকার ফেলার বিদেশি ষড়যন্ত্র বা ‘রেজিম চেঞ্জ’ অপারেশন।
বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী এই মন্তব্য নিয়ে বিরোধীদের, বিশেষ করে রাহুল গান্ধীকে কড়া ভাষায় নিশানা করেছেন। নেহা বোরাকে বিরোধী শিবিরের ‘পোস্টার গার্ল’ হিসেবে উল্লেখ করে প্রদীপ ভাণ্ডারী অভিযোগ করেন, কংগ্রেসের এই লড়াই রাজনৈতিক নয়, বরং তাদের একমাত্র লক্ষ্য হলো ভারতেও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করে ‘তখত পলট’ করা। বিজেপি সমর্থকদের মতে, জনবিক্ষোভ উসকে দিয়ে নির্বাচিত সরকারের ওপর চাপ সৃষ্টি করার বিদেশি ছক নেহার কথাতেই প্রমাণিত। আইসা প্রধানের এই বৈপ্লবিক শুভেচ্ছা এবং ‘লাল সালাম’ বার্তা ভারতে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে এক গভীর চক্রান্তের অকাট্য প্রমাণ বলে মনে করছে শাসকদল।