বয়স বাড়লেই কেন দূরে সরে যান কাছের মানুষেরা, আসল কারণ জানলে চমকে উঠবেন!
বার্তা ডেস্কঃ
ছোটবেলায় টিফিন ভাগ করে নেওয়া বা পাশাপাশি বসলেই যেখানে বন্ধুত্ব হয়ে যেত, বয়স ৩০ পেরোতেই সেই সমীকরণ বদলে যায়। প্রাপ্তবয়স্ক বয়সে পৌঁছে অনেকেই অনুভব করেন যে তাঁদের বন্ধুর তালিকা দিন দিন ছোট হয়ে আসছে এবং নতুন কারও সঙ্গে সম্পর্ক তৈরিতে তৈরি হচ্ছে অস্বস্তি। মনোবিজ্ঞানীদের মতে, এর নেপথ্যে রয়েছে জীবনের ব্যস্ততা ও মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। চাকরি, সংসার ও ব্যক্তিগত জীবনের চাপে বন্ধুত্বের জন্য প্রয়োজনীয় সময় বের করা কঠিন হয়ে পড়ে। পাশাপাশি সময়ের সঙ্গে অর্জিত নানা তিক্ত অভিজ্ঞতা মানুষের মনে বিশ্বাসের সংকট তৈরি করে। ফলে নতুন করে কাউকে বিশ্বাস করা বা নিজের মনের কথা প্রকাশ করার ক্ষেত্রে এক ধরণের ভয় ও দ্বিধা কাজ করে।
এ ছাড়াও বয়সের সঙ্গে সঙ্গে মানুষের অগ্রাধিকার বদলে যাওয়া এবং অন্যদের কাছে নিজে কীভাবে বিচার্য হচ্ছেন—সেই সংক্রান্ত অতিরিক্ত সচেতনতাও নতুন বন্ধুত্ব তৈরির পথে বাধা হয়ে দাঁড়ায়। বিয়ে, কর্মক্ষেত্র বা শহরের পরিবর্তনের কারণে যেমন পুরনো বন্ধুদের থেকে দূরত্ব তৈরি হয়, তেমনই নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবণতা একাকীত্ব বাড়ায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি কাটাতে নিজেদেরই প্রথম পদক্ষেপ করতে হবে। পুরনো সম্পর্কের খোঁজ নেওয়া, সমমনোভাবাপন্ন মানুষের সঙ্গে মেলামেশা করা এবং শখের কাজে যুক্ত হওয়ার মাধ্যমে এই অস্বস্তি কাটিয়ে নতুন বন্ধুত্বের পথ সুগম করা সম্ভব।