আবারও প্রলয়ংকারী কামচটকা, উপকূলে কি তবে ধ্বংসের সেই চেনা আতঙ্ক!
বার্তা ডেস্কঃ
রাশিয়ার ভূকম্পপ্রবণ কামচটকা উপদ্বীপে আবারও ভয়াবহ ভূমিকম্পের খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে তীব্র কম্পনে কেঁপে ওঠে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই এলাকাটি। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪০ কিলোমিটার গভীরে আঘাত হানা এই শক্তিশালী ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল ভিলিউচিনস্ক থেকে ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূগঠনিক বলয় ‘রিং অফ ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় অঞ্চলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
গত বছর এই একই অঞ্চলে ৮.৮ মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্পের পর উপকূলে ভয়াল সুনামির তাণ্ডব দেখা গিয়েছিল, যা বহু গ্রাম ভাসিয়ে নিয়ে যায়। সেই স্মৃতি এখনও তাজা থাকায় ৭ মাত্রার এই নতুন কম্পনে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির বড় ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। তবে প্রাথমিক খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কোনো হতাহত কিংবা বড়সড় সম্পত্তির ক্ষতির সুনির্দিষ্ট তথ্য মেলেনি। পুরো পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছেন স্থানীয় বিশেষজ্ঞরা।