শিবপুরে বামেদের বুকস্টল ভাঙচুর, হিন্দুত্বের অপমান নিয়ে তুঙ্গে উত্তেজনা!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর পঞ্চমীর দিনই হাওড়ার শিবপুর ব্যতাইতলা এলাকায় পুজোমণ্ডপের সামনে সিপিএমের ঐতিহ্যবাহী বুকস্টল ভাঙচুরকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা সৃষ্টি হল। ঘটনার জেরে সিপিএম ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র তর্কাতর্কি ও ধস্তাধস্তি বেধে যায়। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, পুলিশ ও হাওড়া পুরসভার যথাযথ অনুমতি থাকা সত্ত্বেও বিজেপির কর্মীরা এসে তাঁদের বুকস্টলটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এমনকি কাছেই থাকা এসইউসিআই (SUCI)-এর একটি বইয়ের স্টলেও ভাঙচুর চালানো হয় বলে তারা দাবি করেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আগামীতে সেখানে পুনরায় টেবিল পেতে বসার হুঁশিয়ারি দিয়েছে বাম নেতৃত্ব।

অন্যদিকে, ভাঙচুরের অভিযোগ স্বীকার না করলেও প্রতিবাদের কথা মেনে নিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ৪০ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা বরুন কুমার সাউ জানান, সিপিএমের স্টল থেকে দীর্ঘদিন ধরে হিন্দুত্ব বিরোধী প্রচার চালানো হচ্ছিল, যা আর মেনে নেওয়া হবে না। বিজেপির পাল্টা দাবি, ৩৪ বছর রাজ্য শাসন করার সময় সিপিএম যেভাবে অত্যাচার করেছে, তা আর বরদাস্ত করা হবে না। পুজো শুরুর আগেই বামেদের বুকস্টল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির আবহেই শিবপুরের এই অনভিপ্রেত ঘটনাকে ঘিরে গোটা এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ও থমথমে পরিস্থিতি ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *