SIR-এর পর এবার SSR, নির্বাচন কমিশনের নয়া পদক্ষেপ নিয়ে আপনার কী করণীয়?

বার্তা ডেস্কঃ

ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR) নিয়ে দেশজুড়ে জারি রয়েছে বিতর্ক ও রাজনৈতিক তর্কাযুদ্ধ। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিশেষ সংক্ষিপ্ত সংশোধন বা ‘এসএসআর’ (SSR) ঘোষণা করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার ও আসামসহ দেশের মোট ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর হতে চলেছে এই প্রক্রিয়া। এর আওতায় নতুন ভোটারের নাম নথিভুক্তকরণ, নাম সংশোধন এবং স্থানান্তরিত বা মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রকাশ পাবে খসড়া তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসবে ২০২৭ সালের ৪ জানুয়ারি। প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে প্রতিটি কেন্দ্রে দুই শতাংশের বেশি নাম বাদ পড়ার প্রস্তাব থাকলে তা সরাসরি সিইও দপ্তর ও বিশেষ আধিকারিকদের দিয়ে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এ নিয়ে সাধারণ ভোটারদের আতঙ্কিত হওয়ার বা অযথা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এসআইআর-এর মতো জটিল প্রক্রিয়ার সঙ্গে এসএসআর-এর কোনো তুলনা চলে না; এটি একটি স্বাভাবিক ও বার্ষিক রুটিন সংস্কারকাজ। যে সমস্ত নাগরিকের ভোটার তালিকায় নাম তোলা, তথ্য সংশোধন কিংবা স্থানান্তরিত করার প্রয়োজন নেই, তাঁদের এই প্রক্রিয়ায় নতুন করে কিছুই করতে হবে না। তবে যাঁরা নতুন ভোটার হিসেবে নাম তুলতে চান তাঁদের নির্দিষ্ট নথিসহ ফর্ম ৬, নাম সংশোধনের জন্য ফর্ম ৮ এবং কোনো নামের বিরুদ্ধে আপত্তি জানাতে ফর্ম ৭ জমা দিতে হবে। এ ছাড়া একই পরিবারের সকল সদস্যকে একই ভোটকেন্দ্রের আওতায় নিয়ে আসার ওপরও এবার বিশেষ নজর দিচ্ছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *